সময়ের চিত্র ডেস্ক:
ত্যাগ আর আত্মশুদ্ধির আবাহন নিয়ে আবারও এল ঈদুল আযহা বা কোরবানির ঈদ।
পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মানসিকতা তৈরির প্রত্যাশা করা হয় এ ঈদে, যেমনটা ফুটে উঠেছে কবি কাজী নজরুল ইসলামের ‘শহীদী ঈদ’ কবিতায়।
কবি লিখেছেন, ‘মনের পশুরে কর জবাই/পশুরাও বাঁচে, বাঁচে সবাই।’
মুসলমানদের বড় এ ধর্মীয় উৎসব শনিবার উদযাপিত হবে সারাদেশে।
বরাবরের মত এবারও জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় হবে ঈদের প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাতের ব্যবস্থা রাখার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
দেশের মানুষ এমন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে জাতীয় নির্বাচনের ‘দিনক্ষণ’ একটা রাজনৈতিক মতবিরোধিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঈদের আগের দিন এসে সরকারপ্রধান অবশ্য ঘোষণা দিয়েছেন, এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই পরের নির্বাচন হয় যাবে।
টানা সাড়ে ১৫ বছর শাসনাবসানের পর রাজনীতির ‘মাঠে নেই’ আওয়ামী লীগ, দলের সভাপতি শেখ হাসিনাসহ বেশির ভাগ নেতাকর্মীই আছেন দেশের বাইরে নয়ত আত্মগোপনে।
দশ মাস আগে সরকারপ্রধানের দায়িত্বে আসা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে; বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের।
গত ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা; আর সাজা থেকে খালাস পাওয়ার পাশাপাশি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
লঞ্চে ঈদযাত্রা:
স্মরণকালের সবচেয়ে লম্বা ঈদুল আযহার ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার। আগের দুই শনিবার অফিস খোলার থাকার সুবাদে ১০ দিনের ঈদের ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত।
ঈদের বাজার অনেকটা চাঙ্গা থাকলেও বড় গরু কম বিক্রি হওয়ার তথ্য দিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। মাঝারি ও ছোট গরু বেশি বিকিকিনির তথ্য পাওয়া গেছে ঢাকাসহ দেশের পশুর হাটগুলোতে।
বড় গরুর বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, “আগে হল, দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই। এখন এজন্য বড় গরু কিনতে পারতাছে না।”
বুধবার অফিস ছুটির পর বেশির ভাগ মানুষ গ্রামের পথ ধরেন। সেদিন বিকাল থেকেই মূলত রেল, সড়ক ও নৌপথে মানুষের চাপ বাড়তে থাকে।
পরের দিন বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট, যা শুক্রবারও কোনো কোনো পথে ভুগিয়েছে। বাড়তি ভাড়ার অভিযোগ ছিল এবারও।
ঈদুল আযহা উদযাপন এবং কোরবানির পশু, চামড়া, বর্জ্য ব্যবস্থাপনা দেখভালে কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ-পর্যায়ের কমিটি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে ওই কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি :
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।
ঈদ সামনে রেখে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন সড়ক; নানা রঙের পতাকা টানানো হয়েছে সড়ক বিভাজকগুলোতে।
ঈদ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেইফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
এবার কোরবানি ঈদের দিন শনিবার দেশের দুই বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ আভাস মাথায় রেখেই সকালে যেতে হবে ঈদের নামাজে, সারতে হবে পশু কোরবানির কাজ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস কিছুটা বেশি। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।
জ্যৈষ্ঠ মাসের শেষভাগে এই সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকেই। এবারও ঈদের দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে ধারণা দিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
রাষ্ট্রপতির বানী:
ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত অনেক মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেছেন, “আমাদের সমাজে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত অনেক মানুষ রয়েছেন, যারা দুঃখ-দুর্দশা ও কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। ঈদুল আযহার সাম্য ও ভ্রাতৃত্বের সুমহান আদর্শকে ধারণ করে তাদের সাথেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। ত্যাগের শিক্ষা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক-এটাই সকলের কাম্য।”
রাষ্ট্রপতি বলেছেন, “পবিত্র ঈদুল আযহায় পশু কোরবানির পাশাপাশি যাতে আমরা অন্তরের কলুষ, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি-মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করছি। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক কল্যাণ ও সমৃদ্ধি।”
প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণী:
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে দেওয়া বাণীতে ত্যাগের শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
দেশের উত্তরোত্তর মঙ্গল কামনা করে তিনি বলেছেন, “আসুন, আমরা পবিত্র ঈদুল আযহার ত্যাগের শিক্ষা নিজেদের ভেতর ধারণ করি এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।”
বাণীতে সরকারপ্রধান আরও বলেন, “ঈদুল আযহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কোরবানির পশুর গোস্ত গরিব আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক- এই হোক ঈদের চাওয়া।”
ঈদ জামাত কখন-কোথায়:
বরাবরের মত কোরবানির ঈদে এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী।
সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।
তৃতীয় জামাত হবে সকাল ৯টায়; ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ।
সকাল ১০টা চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীনের ইমামতিতে পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে সকাল ৯টায় ঈদ জামাত হবে। ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং ভৈরব-কিশোরগঞ্জ রোডে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলবে।
চট্টগ্রামে প্রধান ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়; জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
বরিশালে কোরবানির ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে; সকাল সাড়ে ৭টায়।
একই সময়ে নগরীর আমতলা মোড়ে বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত হবে।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে; ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
দিনের বর্জ্য দিনেই অপসারণের লক্ষ্য ঠিক করেছে ঢাকার দুই সিটি করপোরেশন
ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি:
কোরবানির পশুর বর্জ্য দিনের দিন সরানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন দুই সিটি করপোরেশনের দুই প্রশাসক।
দক্ষিণের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “ঈদের দিন বিকাল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হবে। আশা করছি, প্রতিশ্রুতি অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে আমরা কোরবানির ময়লা পরিষ্কার করব।”
“ময়লা পরিষ্কারের জন্য প্রায় ১০ হাজারের কর্মী প্রস্তুত রেখেছি। প্রস্তুত রয়েছে সিটি করপোরেশনের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি।”
১০ হাজার কর্মী প্রস্তুত রাখার কথা বলেছেন উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজও। তিনি বলেছেন, ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে। ঈদের ৩ দিন চলবে পরিচ্ছন্নতা কর্মসূচি।
এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে বরে ধারণা করছে ডিএনসিসি। এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার নিয়োজিত থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাড়ে ১২ লাখ পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং ও চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
এবার ‘পরিবেশসম্মত’ বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিন বাজারে দুটি পরিখা খনন করার কথা জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।
কোরবানির পশুর চামড়া :
ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, তাতে গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা বেড়েছে, ছাগলের চামড়ার দাম বেড়েছে ২ টাকা।
ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকায় কিনবেন; গত বছর এই দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ৫০ থেকে ৫৫ টাকা ছিল।
এছাড়া দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা দরে বিক্রি হবে ট্যানারিতে, যা গত বছর ছিল ২০ টাকা থেকে ২৫ টাকা। আর বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা, যা আগের বছর ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা।
এদিকে ঈদের দিন থেকে টানা ১০ দিন বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ঢাকার বাইরের চামড়া যাতে সুন্দরভাবে সংরক্ষিত করা যায়, সেজন্য সারাদেশে ৩০ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে।