সরকারের পদত্যাগের

এক দফা দাবি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক :
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ আগস্ট) আন্দোলনকারীরা অফিসিয়াল বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শুধু শেখ হাসিনা নন, সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

তিনি দেশের সর্বস্তরের মানুষকে ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্যে এ আহবান জানান নাহিদ। এর আগে সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়ার দাবি জানানো হয়।

সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনারমুখী যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উদ্ভুত পরিস্থিতিতে শনিবার আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারপ্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

এই বিভাগের আরো খবর