নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সরকারের জারিকৃত পরিপত্র বহাল রাখার দাবিতে ঘোষিত ‘সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড’ কর্মসূচি সফল করতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল পৌনে ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। হাতে পতাকা, প্ল্যাকার্ড ও মাথায় কোটাবিরোধী ব্যান্ড পরে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
এদিকে মধুর ক্যান্টিনে অবস্থান নিতে দেখা ছাত্রলীগের নেতাকর্মীদের। মধুর ক্যান্টিনে সাধারণত অন্যান্য দিন দুপুরের পর তিন-চারটি হলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তবে আজ সকাল থেকেই প্রায় প্রতিটি হলের ছাত্রলীগ কর্মী ও পদপ্রার্থী নেতারা উপস্থিত রয়েছেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে ছাত্রলীগের শীর্ষ চার নেতার কাউকে মধুর ক্যান্টিনে দেখা যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা গত রবি ও সোমবার সারা দেশে অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে। আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ।
গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ‘কোটা বিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক নাহিদ ইসলাম।
শিক্ষার্থীদের এক দফা দাবিটি হলো— সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে।