ক্রীড়া প্রতিবেদক:
গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন এ আইরিশ-ইংলিশ ক্রিকেটার।
ইংল্যান্ডের মিডলসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে ২০০৫ সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেন মরগান। পরের বছর তিনি পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। অভিষেক হয় আয়ারল্যান্ড জাতীয় দলে। সেখানে তিন বছর খেলার পর হঠাৎ সিদ্ধান্ত বদলে চলে যান ইংল্যান্ড জাতীয় দলে। ইংলিশদের হয়ে রাঙান নিজের ক্যারিয়ারও।
মরগানেরর অধীন ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। নেতৃত্বের পাশাপাশি ওই আসরে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৭১ রান করে দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে পরবর্তী সময়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে ব্যর্থ হলে ২০২২ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
নিজের পুরো ক্রিকেট ক্যারিয়ার স্মরণ করে টুইটারে এক বিবৃতিতে মরগান বলেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বছরের পর বছর যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে অবসরের এখনই সঠিক সময়। যদিও খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিচ্ছি, তবে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞ হিসেবে।’