সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় পরকিয়া প্রেমের জেরে স্ত্রী তানিয়া খাতুন হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এতথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আজিজুল ভুইঁয়া (৩০) উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দণ্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি আজিজুল ভুইঁয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তানিয়াকে মারপিট করতেন আজিজুল। ২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে। এক পর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজিজুল ভুইঁয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।