সময়ের চিত্র ডেস্ক:
নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর কাছে তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকেলে তুরাগ নদী থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের ভাষ্য অনুযায়ী, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে দেশত্যাগের একটি ভিডিও ধারণের সঙ্গে তাহসিফ সুরির নাম আলোচনায় রয়েছে।