তিন ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেলের মূল বেতন

ভাতা কার্যকর ২০২৮ সালে

সময়ের চিত্র ডেস্ক:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। বিদ্যমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে সরকারের আর্থিক সক্ষমতা এবং অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে একবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে না। দুই অর্থবছরে ধাপে ধাপে নতুন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, নতুন কাঠামোতে ১ থেকে ১১তম গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন বেতন স্কেলের আর্থিক প্রভাব ধাপে ধাপে সামাল দিতে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে এর বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে তুলনামূলক কম বেতন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিন ধাপে বাড়বে মূল বেতন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে মোট তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নতুন কাঠামোর সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রে নতুন হার একসঙ্গে কার্যকর হবে। এসব ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য যোগ্য পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন কাঠামোর আলোকে ধাপে ধাপে নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিচার বিভাগের জন্য পৃথক বেতন স্কেল

বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল’ চূড়ান্ত করা হবে।

জুডিশিয়াল সার্ভিসের নতুন বেতন স্কেলও চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

উপকৃত হবেন প্রায় ৩৩ লাখ মানুষ

সরকারের হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় ২৪ লাখ সরকারি চাকরিজীবী। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরের জাতীয় বাজেটে এই অতিরিক্ত ব্যয়ের অর্থ সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার।

এই বিভাগের আরো খবর