৪৯ বছরে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ ৪৯ বছরে পদার্পণ করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দলটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় নানা আন্দোলন, নির্বাচন, ক্ষমতার পালাবদল ও প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে বিএনপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি।

প্রতিষ্ঠার ইতিহাস

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা এলাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। এর আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠনের মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

দলটির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে আনা হয়। পাশাপাশি উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই জাতীয় রাজনীতিতে বিএনপির প্রভাব বাড়তে থাকে। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এবং পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনাসদস্যের অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বিভিন্ন সময় নানা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে দলটির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আসে।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি

১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির শীর্ষ নেতৃত্বকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হন। একই সময়ে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন।

আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তন

গত দেড় দশকে বিএনপি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। দলটির পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরবর্তী সময়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমও নতুন গতি পায়। দলটির নেতৃত্বে থাকা তারেক রহমান দীর্ঘ সময় ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দিকনির্দেশনা দেন।

জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দলটির সামনে এখন নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, রাষ্ট্র পরিচালনা এবং জনগণের প্রত্যাশা পূরণের বড় দায়িত্ব রয়েছে।

জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সময়ের শাসন-শোষণের অবসানের পর জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করবে দলটি।

এই বিভাগের আরো খবর