১৬ হাজার ৮৩৬ শিক্ষক-কর্মচারীর বৈষম্য নিরসনে কর্মসূচি ঘোষণা

জাহিদ হাসান :
সরকারিকৃত কলেজসমূহের ১৬ হাজার ৮৩৬ জন শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের পেশাগত বৈষম্য ও বঞ্চনা নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সরকারিকৃত কলেজ শিক্ষক (নন-ক্যাডার) ঐক্য জোট।
সংগঠনটির নেতারা জানান, ২০১৬ সালে দেশের বিভিন্ন উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের উদ্যোগ গ্রহণের পর সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আওতায় ৩৩৫টি কলেজ সরকারিকরণ করা হয়। তবে বিধিমালার কিছু বৈষম্যমূলক ধারার কারণে হাজারো শিক্ষক-কর্মচারী এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।
তাদের অভিযোগ, অনেক শিক্ষক-কর্মচারীর আত্তীকরণ কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। নন-ক্যাডার শিক্ষক নিয়োগ বিধির অভাবে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া শূন্য পদ পূরণের ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেড অবনমন, জ্যেষ্ঠতা নির্ধারণে অসঙ্গতি, চাকরি স্থায়ীকরণে বিলম্ব এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধে দীর্ঘসূত্রিতার বিষয়ও তুলে ধরেন তারা।
এসব সমস্যা সমাধানে পৃথক নন-ক্যাডার নিয়োগ বিধি প্রণয়ন, আত্তীকরণবঞ্চিতদের দ্রুত আত্তীকরণ, বেসরকারি চাকরিতে যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা ও জ্যেষ্ঠতা নির্ধারণ, পূর্বের বেতন গ্রেড পুনর্বহাল এবং অবসর সুবিধা তহবিলে জমাকৃত চাঁদা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে মতবিনিময়, বিভাগীয় সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষক নেতারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক গতি বজায় রাখা এবং সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই বিভাগের আরো খবর