নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদারীপুর থেকে একজন রোগীকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে নগরকান্দার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীরের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার বাসিন্দা।
স্বজনদের ভাষ্য, পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।