সময়ের চিত্র ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানার শ্রীভেপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।
রোববার ভোরে স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর পারিবারিক বিরোধের একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থল দুটি বাড়িজুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা আশপাশের আরও একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
শহরের মেয়র এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে এ ধরনের সহিংস ঘটনা প্রায়ই ঘটে, যা দেশটির জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।