সময়ের চিত্র ডেস্ক:
ইরানের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে একই দিনে ইসরায়েল দাবি করেছিল, তেহরান-এ লক্ষ্যভেদী বিমান হামলার মাধ্যমে লারিজানিকে হত্যা করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘মেহের নিউজ’-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন। ওই হামলায় তাঁর ছেলে মোর্তজা লারিজানি, কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ কয়েকজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন লারিজানি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশটির কার্যত নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন।
অন্যদিকে, একই দিনে পৃথক আরেক হামলায় ইরানের স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনী ‘বাসিজ’-এর প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইরানী বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
এ ঘটনাকে চলমান সংঘাতে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।