মিরপুরে বহুতল ভবনে আগুন, ছাদে আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ভবনের ছাদে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত এ এল এ প্লাজা নামের দশতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তিনি বলেন, ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ভবনের ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচ থেকে ছয়জন ছাদে আটকে আছেন বলে জানা গেছে। তাদের নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চলছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরো খবর