সেলিনা হায়াৎ আইভী হত্যায় মামলায় কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তুলে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, “সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে”।

জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মিস আইভীকে গ্রেপ্তারের জন্য তার দেওভোগের বাড়িতে যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আশপাশের মসজিদে মাইকিং করা হলে শত শত মানুষ তার বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় আইভীর কর্মী সমর্থকরা সড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এমন অবস্থায় রাতে পুলিশ বাড়তি ফোর্স মোতায়েন করলেও কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। পরে ভোরে আইভী নিজেই নিচে নেমে আসেন এবং পুলিশের গাড়িতে ওঠেন।

এসময় তিনি সাংবাদিকদের সামনে বলেন,পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি।

এই বিভাগের আরো খবর