নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন॥
ভোলার চরফ্যাশনের খাসমহল জামে মসজিদে তারাবি নামাজ পড়তে আসা এক শিশুকে বলাৎকারের অভিযোগে কারী তালহা (১৯) নামের এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান।
গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।
বলাৎকারের শিকার শিশুটি ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটায়। এরপর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অধিকতর তদন্তে এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারব।
সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাসমহল জামে মসজিদ কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) কে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে অভিযুক্তকে গ্রেফতারের পর ঘটনাটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তা ভাইরাল হয়। এনিয়ে পুরো উপজেলায় নিন্দার ঝড় বইছে।
আগের পোএ্ট
এই বিভাগের আরো খবর