সিংগাইরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার ও সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার তালেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহিদ।

এছাড়া মোট ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০/৭০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সকালে মামলার বাদি হযরত আলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিংগাইর উপজেলা দলীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি থানা নেতৃবৃন্দের সাথে সিংগাইর উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনার অভিমুখে রওয়ানা হয়। মামলার প্রধান আসামী শহিদুর রহমান ওরফে ভিপি শহিদের নির্দেশে সিংগাইর বাজার থেকে গালর্স স্কুল রোডের আড্ডা ক্যাফে-১ রেস্টুরেন্টের সামনে স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী এবং আওয়ামীলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের রাজনৈতিক ক্যাডাররা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত শোভাযাত্রায় বিনা উষ্কানীতে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারী ভাবে হাত বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এসময় আসামীরা বিএনপির যাকে পায় তাকেই এলোপাথারী কোপিয়ে গুরুতর জখম করে। মামলার বাদীকেও আসামীরা কোপিয়ে গুরুতর জখম করে। এছাড়া লাঠিসোঠা দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রাস্তার পার্শ্বে ড্রেনের মধ্যে ফেলে স্লাপ দিয়া ডেকে দেয়। হামলাকারীরা চলে গেলে দলীয় কর্মীরা বাদীসহ অন্যান্য নেতাকর্মীদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এজহারে আরো বলা হয়, উক্ত ঘটনার পর হযরত আলী ও অন্যান্য নেতাকর্মীরা মামলা করার জন্য বার বার চেষ্টা করেও ফ্যাসিস্ট সরকারের রোষানলের ভয়ে কেউ মামলা করতে সাহস পায়নি।

মামলার বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর