অস্ত্রের কারখানা ছাত্রদল নেতার বাসায়

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে তকবির উদ্দীন রকিব নামের এক ছাত্রদল নেতার বাসায়।

রকিব কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক এবং কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুই ঘণ্টা অভিযান চালিয়ে রকিবের ভাড়া বাসা থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ অস্ত্র উদ্ধারের বিষয়ের সত‌্যতা নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি বাসায় অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভেতরে ঢুকে ‘অস্ত্রের কারখানার’ সন্ধান পায়। এসময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তি। তার ছেলে ফারুক বাসাটির তত্ত্বাবধান করেন। রকিব ছিলেন ওই বাসাটির ভাড়াটিয়া। তিনি বাসাটি ভাড়া নিয়ে এসব অস্ত্র তৈরি করে আসছিল। এমন আলামত বাসায় পাওয়া গিয়েছে।

এই বিভাগের আরো খবর