শাশুড়িকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা: জামাতার আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধে হাউস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (আমৃত্যু) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলি মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ৭-৮ বছর আগে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের হাউস আলীর সঙ্গে একই উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের আবু বক্করের মেয়ে আম্বিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে হাউস আলী স্ত্রী আম্বিয়া খাতুনকে নানাভাবে নির্যাতন করতেন এবং ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকতেন। পারিবারিক এই কলহের জেরে একপর্যায়ে আম্বিয়া খাতুন তার স্বামীকে তালাক দেন।

স্ত্রী তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হাউস আলী ২০১৬ সালের ৭ মে রাতে সহড়াবাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে যান এবং স্ত্রীকে খুঁজতে থাকেন। কিন্তু ওই দিন নির্বাচনী দায়িত্ব পালনের কারণে আম্বিয়া খাতুন গাংনীতে অবস্থান করছিলেন। স্ত্রীকে বাড়িতে না পেয়ে হাউস আলী তার শাশুড়ি ফুলসুরাতনের (৬৬) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

দগ্ধ ফুলসুরাতনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৪(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণে আসামি হাউস আলীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে এই আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামি পক্ষে কৌশলী ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

 

 

এই বিভাগের আরো খবর