সময়ের চিত্র ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল তার ইতিহাসের অন্যতম বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, চলমান সংঘাতে ইসরায়েল উল্লেখযোগ্য চাপ ও ক্ষয়ক্ষতির মুখে রয়েছে। তার মতে, এ সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ডেভিড স্যাকসের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। তাই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা করছে তেলআবিব। দেশটির সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ করার লক্ষ্য রয়েছে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধরনের পরিস্থিতি কল্পনা করা হয়েছিল, বাস্তবে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের সম্ভাবনা এখন তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।