নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 

সময়ের চিত্র রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত এ বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানান।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচিতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে দুর্নীতির প্রভাবমুক্ত থেকে কার্যকর ও দৃশ্যমান কাজ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। এ সময়ের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, রমজানে স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গণমাধ্যম কমিশন সংক্রান্ত প্রস্তাব নিয়েও কাজ এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর