সময়ের চিত্র ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সরকার পরিচালনার লক্ষ্যে তিনি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন, যেখানে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে।
রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন। এগুলো হলো—প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দপ্তর বণ্টনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে। এ দপ্তরে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন জোনায়েদ সাকি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলন-কে; প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন ববি হাজ্জাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খলিলুর রহমান-কে, আর প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন শামা ওবায়েদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিন উর রশিদ-কে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পরিবেশ মন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রী হিসেবে শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী হিসেবে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিতাই রায় চৌধুরী দায়িত্ব পালন করবেন।
এছাড়া ভূমি, প্রবাসী কল্যাণ, পানিসম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত, পার্বত্য চট্টগ্রাম এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। জনপ্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে আব্দুল বারী এবং সাবেক ফুটবলার আমিনুল হক।