আজ রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে ১১ দলীয় জোট

সময়ের চিত্র ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়নসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে বলা হয়, সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমানসহ ঐক্যভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোটগ্রহণ হলেও আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে ২৯৭ আসনের। প্রকাশিত ফলাফলে ১১ দলীয় জোটের শরিকরা উল্লেখযোগ্য সংখ্যক আসনে বিজয়ী হয়েছে।

জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া অন্যান্য শরিক দলও কয়েকটি আসনে জয়লাভ করেছে।

নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে হামলা-সহিংসতার অভিযোগের পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে ৩০টি আসন নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে জোট।

এই বিভাগের আরো খবর