রাজধানীতে ওএমএস পণ্য কালোবাজারির অভিযোগ, হাতেনাতে ধরা

স্টাফ রিপোর্টার : রাজধানীতে সরকার পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) পণ্য কালোবাজারির উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার অভিযোগে এক ডিলারের ট্রাকসেল হাতেনাতে ধরা পড়েছে। রবিবার বিকেলে ডি-৮ দক্ষিণ বনশ্রী, আট নম্বর রোড পয়েন্টে এ ঘটনা ঘটে।

সরেজমিনে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে পণ্য বিক্রি বন্ধ রেখে পণ্যবাহী ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। পরে সোয়া চারটার দিকে ট্রাকটি কালোবাজারির উদ্দেশ্যে রওয়ানা দিলে বিষয়টি তদারককারী ফয়সাল আহমেদকে অবহিত করা হয়। তিনি ঘটনাস্থলে এসে ত্রিপল খুলে পুনরায় পণ্য বিক্রি শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে নাম থাকলেও ট্রাকসেলটি ভাড়ায় পরিচালনা করছিলেন আমিনুল ইসলাম। সংশ্লিষ্টদের দাবি, ডিলারশিপ ভাড়ায় পরিচালনার কোনো নিয়ম নেই।

ঘটনাস্থলে আমিনুল ইসলাম হেলমেট পরিহিত অবস্থায় ১০-১২ জন লোকসহ উপস্থিত হলে তদারককারী ফয়সাল আহমেদ তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ডিলারের প্রতিনিধি জানান, তারা ‘নিজেদের লোক’। পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারককারী সংশ্লিষ্টদের সরিয়ে দেন।

এ প্রসঙ্গে তদারককারী ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, “ভাই, আমরা নিরুপায়। আমরা সরকারি চাকরি করি, বিভিন্ন চাপের মধ্যে থাকতে হয়। আপনারা বিষয়টি মনে কিছু নিয়েন না।”

ঘটনার বিষয়ে জানতে সংশ্লিষ্ট এআরও হুমায়ুন কবিরকে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

এই বিভাগের আরো খবর