সময়ের চিত্র ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তিনি। রাজনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে ইতিবাচক ও সংলাপভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।