সময়ের চিত্র ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বে দেশ স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে।
তিনি বার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের মতো অগ্রাধিকার খাতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল উদ্যোগের সাফল্য কামনা করা হয়।