নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

সময়ের চিত্র ডেস্ক:

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল গেজেটভুক্ত করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। এতে নির্বাচিত সদস্যদের নাম, মা-বাবার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নতুন তফসিলে ভোট হবে।

প্রকাশিত ফলাফলে দলভিত্তিক আসন বণ্টন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ২০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী – ৬৮

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – ৬

বাংলাদেশ খেলাফত মজলিস – ২

ইসলামী আন্দোলন বাংলাদেশ – ১

গণঅধিকার পরিষদ – ১

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – ১

গণসংহতি আন্দোলন – ১

খেলাফত মজলিস – ১

স্বতন্ত্র – ৭

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শপথের দায়িত্ব নিতে পারেন। সামনে রমজান থাকায় শপথ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের ইঙ্গিত দেন তিনি।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, ঘোষিত ২৯৭ আসনে ভোটের হার ৫৯.৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০.২৬ শতাংশ।

শপথ অনুষ্ঠান সামনে রেখে জাতীয় সংসদ ভবন-এ পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ পর্যায়ে রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। কর্মকর্তারা জানান, শপথের আনুষ্ঠানিকতা, প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে।

 

নব নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট লিংক:

https://drive.google.com/file/d/1J0GtqwB2s7NriHxWH_liIlaOuPQS3NAg/view?usp=drivesdk

এই বিভাগের আরো খবর