ভোলা প্রতিনিধি:
দ্বীপজেলা ভোলার চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপি জোটের প্রার্থীরা জয় লাভ করেছেন। বেসরকারি ফলাফলে প্রতিটি আসনেই জোটের প্রার্থীরা এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন।
ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯২ ভোট।
এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদ-এর আইনুর রহমান জুয়েল মিয়া ট্রাক প্রতীকে ১ হাজার ১০৩ ভোট, জাতীয় পার্টি-এর আকবর হোসেন নাঙ্গল প্রতীকে ৫৯৪ ভোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট-এর মোহাম্মদ আশরাফ আলী ৩০২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এর মো. মিজানুর রহমান আম প্রতীকে ২১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন সূর্যমুখী ফুল প্রতীকে ১৩৩ ভোট পেয়েছেন।
ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মো. ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।
ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নিজামুল হক নাইম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৪৬ ভোট।
চারটি আসনেই বিএনপি জোটের প্রার্থীদের এই জয়ের মধ্য দিয়ে জেলায় জোটের শক্ত অবস্থান প্রতিফলিত হয়েছে।