সময়ের চিত্র রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি সর্বাধিক ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি আসন পেয়েছে।
অন্যান্য দল ও প্রার্থীদের মধ্যে, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি, গণসংহতি আন্দোলন ১টি, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ নির্বাচন কমিশন-এর জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন জানায়, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ দুটি আসনের ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে। এর আগে আরও একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছিল।
ভোটার উপস্থিতির বিষয়ে জানানো হয়, সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০.২৬ শতাংশ। গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২৯৯টি আসনের গণভোটের ভোট গণনা সম্পন্ন হয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রামের দুটি আসনে প্রার্থীদের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আদালতের বাধা না থাকায় ওই আসনগুলোর গণভোটের ফলাফল গণনায় ধরা হয়েছে। এছাড়া একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।