টাকাসহ বিভিন্ন জেলায় জামায়াতের ১২ নেতা আটক

সময়ের চিত্র ডেস্ক:

জাতীয় নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোট কেনা ও টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে এসব আটক করা হয়।

নোয়াখালীতে হ্যান্ডবিল ও নগদ অর্থ বিতরণের অভিযোগে এক প্রার্থীর সমর্থকদের জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জে অভিযানের সময় এক নেতা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৭ লাখ টাকাসহ এক কর্মী আটক হন।

কুমিল্লার মুরাদনগরে হাবিবুর রহমান হেলালী নামে এক নেতাকে ভোটারদের মাঝে ২ লাখ টাকা বিতরণের সময় স্থানীয় জনতা আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়।

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় চার নেতাকর্মীকে ৭১ হাজার টাকাসহ আটক করা হলেও পরে প্রশাসন তাদের ছেড়ে দেয়। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় খরচের জন্য ওই অর্থ বহন করা হচ্ছিল।

ঢাকা-৬ আসনের সূত্রাপুর এলাকায় নায়েবে আমির মো. হাবিবকে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে কামাল হোসেন নামে এক নেতাকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে একই অভিযোগে এক কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়। জামালপুর-৩ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অর্থ বিতরণের সময় তিন কর্মীকে জনতা আটক করে পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। সেখান থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর