সময়ের চিত্র ডেস্ক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রাকালে সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগে অবস্থিত শহীদ ওসমান হাদি চত্বরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে জাতীয় জাদুঘরের পাশ দিয়ে সীমিত পরিসরে যান চলাচল অব্যাহত ছিল।
এর আগে শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যাত্রা শুরু করেন।
পথে ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পরবর্তীতে তারা বাংলামোটর এলাকায় পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমাসহ আরও কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।