ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়ে আহত

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়ে আহত

সময়ের চিত্র ডেস্ক:

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় সংগঠনটির কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ফাতেমা তাসনিম জুমা (ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), শান্তা আক্তার (জকসু সদস্য) এবং রাকসুর জিএস সালাউদ্দীন আম্মারসহ আরও কয়েকজনের নাম জানা গেছে। আহত অবস্থায় আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তবে প্রাথমিকভাবে কেউ গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একই দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জমায়েতের ডাক দেওয়া হলেও সংগঠনের আরেকটি অংশ যমুনার সামনে অবস্থান অব্যাহত রাখে।

এদিকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সকাল থেকেই একাধিকবার অভিযান চালায়। এতে লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। ওই সময় ইনকিলাব মঞ্চের অবস্থানকারীদেরও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারে বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। পরে বিকাল ৫টার দিকে সংগঠনটির ফেসবুক পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর