সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের স্বৈরাচারী শাসনের মতোই এখন গুপ্ত পরিচয়ে রাজনীতি করা একটি গোষ্ঠী নতুন করে জুলুমের ভূমিকায় আবির্ভূত হয়েছে, যাদের কাছে দেশের নারী সমাজ নিরাপদ নয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে। আগামী ১২ তারিখে জনগণ একটি জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবে। তবে ৫ আগস্টের পর লক্ষ্য করা গেছে, স্বৈরাচারী শাসনের সময় যেভাবে মানুষকে অপমান করা হতো, তাচ্ছিল্য করা হতো—সেই সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। গুপ্ত পরিচয়ে পরিচিত একটি দল সেই একই ভাষা ও আচরণে জনগণের সামনে হাজির হয়েছে।
তারেক রহমান অভিযোগ করেন, ওই গোষ্ঠীর শীর্ষ নেতারা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অশালীন ও কলঙ্কজনক শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, যারা মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে দেশের মানুষের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার আশা করা যায় না।
তিনি আরও বলেন, কুমিল্লার এক গুপ্ত নেতার বক্তব্যে তাদের মানসিকতা স্পষ্ট হয়েছে—যেখানে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা জনগণের পা ধরবে, আর তার পর জনগণ তাদের পা ধরবে। এ ধরনের বক্তব্য জনগণের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এমন মানসিকতার মানুষ ক্ষমতায় গেলে দেশের মানুষের জীবন কতটা দুর্বিষহ হতে পারে, তা সহজেই অনুমেয়।
তারেক রহমান দাবি করেন, এই গুপ্ত গোষ্ঠী অতীতের স্বৈরাচারী সরকারের সঙ্গে বারবার হাত মিলিয়েছে। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ সালসহ গত ১৫ বছর ধরে তারা একই শক্তির সঙ্গে অবস্থান করেছে—যা প্রমাণ করে তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
বরিশালের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট। টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বহু উন্নয়নকাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। সঠিক সিদ্ধান্ত নিলে এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি উল্লেখ করেন, বিএনপির শাসনামলে অনেক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল, যেগুলো নানা কারণে শেষ করা যায়নি। বিএনপি ক্ষমতায় এলে জমে থাকা এসব কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
নারীর অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী ও পুরুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নারী সমাজকে ঘরে বন্দি রেখে কোনো আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়া যায় না।
সবশেষে তিনি বলেন, গুপ্ত দলগুলোর বক্তব্যে জনগণের প্রতি ঘৃণা ও অবজ্ঞা স্পষ্ট। তারা ক্ষমতায় এলে জনজীবনে ভয়াবহ সংকট তৈরি হবে। তাই জনগণকে সচেতন থাকতে হবে এবং উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে।