সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার আক্রমণের পথে নেমেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ একবার জামায়াতকে সুযোগ দিয়ে দেখুক। জামায়াত সরকার গঠন করতে পারলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়া হবে।
তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের সব সেবা খাত থেকে দুর্নীতি দূর করা হবে। ভূমি অফিস বা থানায় সাধারণ মানুষকে আর কোনো সেবা পেতে ঘুষ দিতে হবে না বলেও আশ্বাস দেন তিনি।
শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটানো হবে।
এ সময় তিনি আরও দাবি করেন, জামায়াত সরকার পরিচালনার দায়িত্ব পেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি গ্রহণ করবেন না। একই সঙ্গে ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো ধরনের বিশেষ সুবিধাও তারা নেবেন না।