প্রার্থিতা ফিরে পেলেন ৪১৬ জন

সময়ের চিত্র ডেস্ক:

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে মোট ৪১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করেছেন। শেষ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান আরও ২০ জন। তবে একই দিনে দুটি আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি।

নয় দিনব্যাপী ধারাবাহিক আপিল শুনানি শেষে রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্ত শিথিল করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিইসি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

শুনানি প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী যাদের ঋণখেলাপি সংক্রান্ত বাধা নেই, তাদের ক্ষেত্রে বাধ্য হয়েই ছাড় দেওয়া হয়েছে, যদিও বিষয়টি তাদের জন্য কষ্টকর ছিল।

মনোনয়নপত্র যাচাইয়ের চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল মোট ২ হাজার ৯১টি মনোনয়নপত্র জমা দেয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে জমা পড়ে ৪৭৮টি মনোনয়নপত্র।

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয় ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে প্রায় ৩৫০টি ছিল স্বতন্ত্র প্রার্থীর।

দলভিত্তিক হিসাবে বিএনপির ২৭ জন, জামায়াতে ইসলামী ৯ জন, জাতীয় পার্টি ৫৭ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ইসলামী আন্দোলনের ২৬৮ প্রার্থীর মধ্যে ২২৭ জন বৈধতা পান। জাতীয় পার্টির ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতিলের ঘটনা ঘটে—২২৪ জনের মধ্যে ৫৭ জন বাদ পড়েন।

আপিলে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

আপিল শুনানি শেষে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করা হয়। একই সঙ্গে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে। শুনানিতে অনুপস্থিত থাকায় তার পক্ষে কোনো ব্যাখ্যা উপস্থাপন করা হয়নি।

তবে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল:

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতাও বহাল রেখেছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার বিরুদ্ধে আপিল করা হলেও মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগেই নাগরিকত্ব বাতিলের আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ায় আপিলটি খারিজ করা হয়। ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো বাধা থাকছে না।

নির্বাচনি সময়সূচি

নির্বাচনি তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর