ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল স্থবির

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়সহ আশপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন, যার ফলে ওই এলাকার যানবাহন চলাচল কার্যত অচল হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। অনেক যানবাহন দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকতে দেখা যায়।

জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই মৃত্যুর পর থেকেই সহপাঠীরা জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর আগেও একই দাবিতে তারা একাধিকবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সর্বশেষ আজ আবারও ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যানজটে আটকে পড়া যাত্রীরা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন।

এই বিভাগের আরো খবর