নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের প্রেক্ষাপটে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিশেষ গুরুত্ব দিয়ে বৈঠকটি ডাকা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধানের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তার প্রয়াণকে শুধু একজন নেত্রীর মৃত্যু হিসেবে নয়, বরং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আদায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি যুগের অবসান হিসেবেও দেখছেন তারা।
এদিকে, চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপি সাত দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।