সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বাংলাদেশের আকাশ ও মাটি স্পর্শ করে।

এর আগে বাংলাদেশ সময় রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।

পরবর্তীতে ৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০টা থেকে প্রায় এক ঘণ্টা তিনি তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাবেন। এরপর তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পাশাপাশি বিমানবন্দর ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সোয়াট টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর