হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে নিহত ৫

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: 

হাতিয়া উপজেলার দুর্গম জাগলার চরে জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। অপর চারজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনো সরকারি কোনো বন্দোবস্তের আওতায় আসেনি। এ সুযোগ কাজে লাগিয়ে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের একটি প্রভাবশালী গ্রুপ ওই চরের বিভিন্ন অংশ বিক্রি শুরু করে। পরবর্তীতে সুখচর ইউনিয়নের আরেকটি গ্রুপ একই এলাকায় জমি দখল ও বিক্রির চেষ্টা চালায়। এতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল এবং এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আলাউদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি মো. সাইফুল আলম আরও জানান, দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। একটি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। পরিস্থিতির কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর