খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বগুড়ায় মনোনয়নপত্র সংগ্রহ

সময়ের চিত্র ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ দুই নেতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে, তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি নিজেই।

মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালনকারী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে রেজাউল করিম বাদশা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া সদর আসন থেকে অংশগ্রহণ করবেন—এটি দলের জন্য গর্বের বিষয়। সে লক্ষ্যেই তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর