সময়ের চিত্র রিপোর্ট:
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালার আয়োজন করা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আমৃতা রেজিনা রোজারিও।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপির প্রধান কারিগরি উপদেষ্টা আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মারুফ নাওয়াজ এবং যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন।
যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি-স্ক্যানের সালমা মাহবুব এবং সাইটসেভার্সের আয়ন দেবনাথ।
প্যানেল আলোচনায় অংশ নেন ‘ইকুয়াল বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশীদার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউএনডিপির কর্মকর্তা অসীম ডিও।
বক্তারা বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার তুলে ধরতে সম্মানজনক ও সংবেদনশীল ভাষা ব্যবহার জরুরি। সংবাদ তৈরির প্রতিটি ধাপে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও সমতাভিত্তিক অধিকারের বিষয়টি যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানান তারা।