খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকার শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুজন আদালতে হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় ৪–৫ জন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম জানান, ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।