সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজের দামে আবারও আগুন

সময়ের চিত্র ডেস্ক:

শীতের শুরুতেই রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সেই স্বস্তিতে কালো দাগ ফেলেছে পেঁয়াজের অগ্নিমূল্য। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম লাফিয়ে বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় খুচরা পর্যায়ে দামে প্রভাব পড়েছে। তবে অনেক ক্রেতা অভিযোগ করেছেন—বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটি চক্র দাম বাড়িয়ে দিচ্ছে।

 

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। তবুও অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। তারা বাজারে নজরদারি বাড়ানো ও কার্যকর তদারকির পরামর্শ দিয়েছেন।

 

এদিকে অন্যসব শীতকালীন সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল। বাজারে করলা ও ঢেঁড়স কেজিপ্রতি ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

প্রোটিনজাত পণ্যের বাজারেও তেমন পরিবর্তন নেই। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকায়, সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকায়। ফার্মের ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা পর্যন্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর