সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষকরা, প্রেসক্লাব থেকে শহীদ মিনারে অবস্থান

সময়ের চিত্র ডেস্ক:

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে সরে গিয়ে অবস্থান নেন।

 

রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা অবস্থার পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে প্রেসক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও সেখানে এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, জনদুর্ভোগ এড়াতে তারা এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই আন্দোলন চালাব। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়ব না।”

 

তিনি আরও বলেন, “আমরা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান চাই। প্রজ্ঞাপন পেলে বিজয়ের আনন্দ নিয়েই শ্রেণিকক্ষে ফিরব।”

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রেসক্লাব এলাকায় শিক্ষক নেতাদের সরাতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। যদিও কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

 

এর আগে সকাল থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করায় পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে তারা সরে গেলে এলাকাটি পুনরায় স্বাভাবিক হয়।

এই বিভাগের আরো খবর