সময়ের চিত্র ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সংবাদ সম্মেলন বর্জন করে সেখান থেকে ফিরে গেছেন উপস্থিত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীদের দাবি, ওই সময় বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করছিলেন। এ সময় এনসিপির কয়েকজন নেতা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। সাংবাদিকরা তাদের চুপ থাকতে অনুরোধ করলে এনসিপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
৯ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরেন।