ময়মনসিংহ প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বহিরাগত একদল দুর্বৃত্ত। রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান। বর্তমানে পুরো ক্যাম্পাস উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি।
কম্বাইন্ড ডিগ্রির দাবির পটভূমি:
এর আগে, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের বৈঠক বর্জন করে উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। প্রায় ৬-৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষকরা বেরিয়ে আসেন।
শিক্ষার্থীদের অভিযোগ, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পশুপালন অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু বহিরাগতরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন।”
এ ঘটনায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় এলাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।