সিরাজগঞ্জে মসজিদ থেকে শটগান ও গুলি উদ্ধার

 সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুটি শটগান, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সিরাজগঞ্জ সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার হওয়া দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে এই দু‌টি শটগান, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

মুসল্লি সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে তারা মস‌জি‌দে‌ গি‌য়ে দেখ‌তে পান, মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র, ম‌্যাগ‌জিন ও গুলি কে বা কাহারা রে‌খে গে‌ছে।পরবর্তী‌তে তারা বিষয়টি থানা পুলিশকে জানান এবং পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নি‌য়ে আসেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সকাল ৭টার একটু আগ দিয়ে আমাদের কাছে খবর আসে, মসজিদে কে বা কাহারা অস্ত্র ও গুলি রেখে গেছে। পরে আমরা গিয়ে জব্দ করি। আমরা তালিকা করে ঘটনাস্থল থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। শটগান দুটির মধ্যে এক‌টি অত্যাধুনিক শটগানও রয়েছে। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে। তিনি আরও বলেন, এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবকিছু যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর