৫ শর্তে থমকে গেছে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘদিনের উত্তেজনা ও টানা প্রায় দুই মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে গভীর মতপার্থক্যের কারণে স্থায়ী সমঝোতা দূরবর্তী হয়ে উঠছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আর জাজিরা এর তথ্য অনুযায়ী, আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়ানো বিষয়গুলো হলো—

১. পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ

যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ও স্থায়ীভাবে বন্ধ করুক। তবে ইরান বলছে, এমন কোনো সীমাবদ্ধতা থাকলেও তা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, স্থায়ীভাবে নয়।

২. সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু

ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও মতবিরোধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মজুত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে।

৩. নিষেধাজ্ঞা ও অবরোধ প্রশ্নে অচলাবস্থা

ইরান দাবি করছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নিলে হরমুজ প্রনালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ বজায় থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, চূড়ান্ত চুক্তির আগে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।

৪. আটকে থাকা অর্থ ফেরতের দাবি

ইরান বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে। একইসঙ্গে তারা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছে।

৫. ক্ষতিপূরণ নিয়ে নতুন জটিলতা

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ক্ষতিপূরণের দাবিতে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ক্ষতি হয়েছে, তার জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

বিশ্লেষকদের মতে, এসব শর্তের জট খুলতে না পারলে শান্তি আলোচনা এগোনো কঠিন হবে। উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এই বিভাগের আরো খবর