রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, ফার্মগেট ও টেকনিক্যাল মোড়ে একযোগে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার দুপুরের দিকে এসব কর্মসূচি শুরু হলে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন তারা। অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

একই দাবিতে বাংলা কলেজের শিক্ষার্থীরাও দুপুরে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। ফলে ওই মোড়ের দুই পাশের সড়কসহ বাংলা কলেজ অভিমুখী রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট থেকে খামারবাড়িগামী সড়ক অবরোধ করেন। পরে তারা ফার্মগেট মোড়ের পুরো এলাকা দখলে নেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা নিহত হন।

এদিকে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে একসঙ্গে অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে।

এই বিভাগের আরো খবর