সময়ের চিত্র ডেস্ক:
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা ১৫ দিন ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত হতাহত ও আটক সংখ্যাটি এর চেয়েও অনেক বেশি হতে পারে।
গত কয়েক দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। রাজধানী তেহরানের একাধিক বড় হাসপাতালের মর্গে লাশ রাখার জায়গা না থাকায় নতুন মরদেহ নিতে পারছে না কর্তৃপক্ষ। এতে হাসপাতালগুলো চরম সংকটের মুখে পড়েছে।
হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের ঢল নামায় চিকিৎসাসেবা কার্যত ভেঙে পড়েছে। অনেক হাসপাতালে রোগী রাখার মতো জায়গা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এখন পর্যন্ত ইরান সরকার হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারছে না। তবে দিন যত যাচ্ছে, আন্দোলনের বিস্তার ও সহিংসতার মাত্রা ততই বাড়ছে।
বিশ্লেষকদের মতে, এই গণবিক্ষোভের পেছনে অন্যতম প্রধান কারণ দেশটির গভীর অর্থনৈতিক সংকট। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে প্রায় ৯ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে, যা বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। লাগামহীন মূল্যস্ফীতির ফলে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে।
গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারের ব্যবসায়ীরা মূল্যস্ফীতির প্রতিবাদে ধর্মঘট শুরু করলে তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে আন্দোলন চলছে। শুরুতে অর্থনৈতিক দাবিতে বিক্ষোভ হলেও এখন তা রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে।
এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং কঠোর দমন-পীড়ন চালানো হলে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে অর্থনৈতিক সংস্কারের আশ্বাস দিয়ে বলেছেন, সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত। তবে এসব আশ্বাসে আস্থা রাখছেন না বিক্ষোভকারীরা। তারা এখনো রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: এএফপি