নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচি ও জেলা সদরে পৃথক দুটি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এক ঘটনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, অন্য ঘটনায় এক সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।
শনিবার গভীর রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠনভুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এতে ঘরের একটি অংশ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মো. ইয়াহিয়া জানান, তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে যেতে পারায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তার দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হয়। তিনি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না জানান, স্থানীয় দুই মহল্লার মধ্যে চলমান বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। তার ভাষ্য অনুযায়ী, তিনটি মোটসাইকেলে করে ছয়জন এসে তার বাড়ি ও আশপাশের আরও কয়েকটি বাড়ির দিকে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।